পহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারতীয় সেনার

পহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারতীয় সেনার

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনার চিনার ক্রপস। এই অভিযানের নাম ছিল ‘অপারেশন মহাদেব’। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গি। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ দুইপক্ষের গুলির লড়াই চলার পর তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মৃত জঙ্গিরা প্রত্যেকেই লস্কর ই তইবার সদস্য। তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। অনুমান করা হচ্ছে, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় যুক্ত ছিল এই জঙ্গিরা। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, পহেলগাঁও সন্ত্রাসে তিন পাক জঙ্গি যুক্ত ছিল বলে আগেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মৃত ৩ জঙ্গি সেই পাক জঙ্গি দলের কেউ কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে সেনা। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। ঘটনার তদন্তে নেমে কাশ্মীরের স্থানীয় দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জানানো হয়েছে, এই হামলায় যুক্ত ৩ লস্কর জঙ্গি যারা পাক নাগরিক। যদিও তদন্তকারী সংস্থা এখনও তাদের নাম প্রকাশ করেনি। জানানো হয়েছে উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে সোমবার পহেলগাঁও সন্ত্রাস ও অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনার জন্য ১৬ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরইমাঝে জম্মু ও কাশ্মীরে এই অপারেশন বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।

সম্পরকিত খবর